ঢাকা-১১ আসনের নির্বাচনী এলাকায় শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল নাগাদ কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শত শত মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি কুড়িল বিশ্বরোড থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে পুনরায় কুড়িল বিশ্বরোডে এসে সমাপ্ত হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা নির্বাচনী স্লোগান, ব্যানার ও দলীয় পতাকা হাতে প্রার্থী এডভোকেট আতিকুর রহমানের সমর্থনে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আসন পরিচালক মাওলানা মোঃ মহিব্বুল্লাহ, আসনের সদস্য সচিব মাওলানা মোঃ কুতুব উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুস সবুর ফরহাদ, রামপুরা উত্তর থানা আমীর ফজলে আহমদ ফজলু, ভাটারা থানা আমীর এডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা আমীর মোঃ আবুল বাশারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এই শোভাযাত্রার মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন এবং দলীয় শক্তির জানান দিতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।